প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
চুক্তি করা দেশগুলোকেও দিতে হবে ১০% শুল্ক: হোয়াইট হাউস
মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে শুল্কনীতি ধাক্কা খাওয়ার পর নতুন কৌশল নিয়েছে হোয়াইট হাউস। এখন থেকে যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ শুল্ক চুক্তি রয়েছে, তাদেরও আপাতত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক দিতে হবে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের একক শুল্ক আরোপের ক্ষমতা খর্ব করার পর এক জরুরি বিবৃতিতে নতুন ব্যবস্থার কথা জানিয়েছে হোয়াইট হাউস। বর্তমানে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সাথে উচ্চ বা বিশেষ হারে শুল্ক নির্ধারণ করে চুক্তিতে পৌঁছেছিল, তাদের সবাইকে আপাতত অভিন্ন ১০ শতাংশ 'বেইসলাইন' শুল্কের আওতায় আনা হয়েছে।
আদালতের রায়ে ট্রাম্প প্রশাসনের পূর্বের দেশভিত্তিক সুনির্দিষ্ট শুল্ক কাঠামো অবৈধ ঘোষিত হওয়ায় এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, এই ১০ শতাংশ শুল্ক কেবল একটি অন্তর্বর্তীকালীন পদক্ষেপ। প্রশাসন বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব কাটিয়ে উঠে আগের শুল্কহার পুনর্বহালে বিকল্প আইনি পথ খুঁজছে।
বিশ্লেষকদের মতে, আদালতের রায়ের পর ট্রাম্প প্রশাসন পিছু না হটে বরং বিকল্প আইনি কাঠামোর মাধ্যমে তাদের কঠোর বাণিজ্যনীতি ধরে রাখার চেষ্টা করছে। এর ফলে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ বাণিজ্যিক সুবিধা ভোগ করত, তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।
Copyright © 2026 All rights reserved.